খাগড়াছড়ি থেকে জাম্বুরাবোঝাই পিকআপ নিয়ে ফেনীতে আসার পর চালককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করায় অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত চালককে উদ্ধার ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ দৈনিক মুক্তবাণীকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার মধ্যরাতে ফেনী শহরের পুরোনো জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. শরীফের ছেলে মো. সোহেল (৩২), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থানার মুছাপুর এলাকার মন মোহনের ছেলে প্রিয় নাথ (৪২), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে আলা উদ্দীন (৩০) ও ফেনী পৌরসভার দক্ষিণ চাড়িপুর এলাকার মো. আবুল কালামের ছেলে মো. রনি (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা এলাকার পিকআপচালক মো. বেল্লাল (৩৪) তার সহকারী শাহ আলমকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো জাম্বুরা বোঝাই করে খাগড়াছড়ি থেকে ফেনীতে আসেন।
রাতে শুরুতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পিকআপে ধাক্কা দিয়ে ঝগড়া বাধায় অপহরণকারীরা। পরে চালক ও তার সহকারীকে মারধর করা হয়। পরে চালককে তুলে নিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সহকারীর ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে চালককে উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, পিকআপটি ফেনীর শহরে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একটি অপহরণ চক্রের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পিকআপটিকে কৌশলে ধাক্কা দেয়। এ নিয়ে তারা ঝগড়া শুরু করেন। একপর্যায়ে অটোরিকশায় থাকা ব্যক্তিরা পিকআপচালক বেল্লাল ও তার সহকারী শাহ আলমকে মারধর করেন। পরে চালক বেল্লালকে জোরপূর্বক অটোরিকশায় তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যান তারা। এরপর চালককে ছাড়িয়ে নিতে পিকআপের সহকারী শাহ আলমের মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
