রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে নতুন সবজি উঠলেও দামের কারণে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
এদিন বাজারে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, ঝিঙা ১০০, লাউ ৬০ থেকে ৮০, পটোল ৬০, লম্বা বেগুন ১০০, গোল বেগুন ১২০, কাঁকরোল ১০০, কচুমুখী ৮০, মুলা ৭০, ঢ্যাঁড়স ৮০, গাজর ১৪০ এবং শিম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ টমেটোর দাম ১২০ টাকা, আর দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা কেজি।
তুলনামূলক কম দামে পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা এবং ফুলকপি, বাঁধাকপি ও পটোল ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচ ১৪০, জলপাই ৮০ এবং নতুন আলু ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী নাঈম জানান, বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। নতুন কোনো পণ্য বাজারে এলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ক্রেতা করিমউল্লাহ বলেন, টেলিভিশনে দেখা যায়, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার কমে লাউ পাওয়া যাচ্ছে না। বাজারে বেশির ভাগ সবজির দাম ১০০ টাকার কাছাকাছি। শীত এলে সবজির দাম কমার কথা থাকলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র।
এদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। আর সোনালি মুরগির দাম ৩১০ থেকে ৩২০ টাকা।
মাছের বাজারে পাঙাশ ২৩০, তেলাপিয়া ২৬০, রুই ৩৫০, পাবদা ৪০০, চাষের শিং ৪৫০ এবং বায়লা ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় কাতল ৬০০ থেকে ৮০০, ট্যাংরা ৭০০, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০, বাইন ৯০০ থেকে ১ হাজার ২০০ এবং দেশি শিং ১ হাজার টাকা কেজি।
এছাড়া বড় চিংড়ি ১ হাজার ৪০০ এবং সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়।
মাছ ব্যবসায়ী হোসেন বলেন, সামুদ্রিক মাছের দাম সব সময় বেশি থাকে। এসব মাছ হাজার টাকার নিচে বিক্রি করা যায় না। দেশী মাছের দামও বেশি, আর চাষের মাছের দামও ২০০ টাকার ওপরে। বর্তমানে আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি।
তবে ক্রেতা আজিজুল বলেন, অন্য বাজারের তুলনায় মোহাম্মদপুর টাউন হল মার্কেটে মাছের দাম কিছুটা বেশি। কিন্তু দাম বেশি হলেও এখানে তাজা মাছ পাওয়া যায়।
এদিকে, বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায়।
