দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩১টি চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ৯টি ব্যাংক সম্মিলিতভাবে লোকসান করেছে ৫ হাজার ১২৬ কোটি টাকা। বিপরীতে ২২টি মুনাফা করেছে ৩ হাজার ৭০২ কোটি টাকা। এতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে নিট লোকসান ১ হাজার ৪২৪ কোটি টাকা।
সবচেয়ে বেশি মুনাফা করেছে পূবালী, ব্র্যাক, সিটি, প্রাইম ও ইস্টার্ন ব্যাংক। আর লোকসানের শীর্ষে ইসলামী, এবি, আইএফআইসি, ন্যাশনাল ও রূপালী ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, উচ্চ খেলাপিই লোকসানের কারণ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান শহীদুল ইসলাম জাহিদ বলেন, ‘ব্যাংকের মূল আয় শেষ পর্যন্ত নেতিবাচক। তবে অফ-ব্যালান্স-শিট আয় ইতিবাচক। এটি মূলত ব্যাংকিং খাতের সামগ্রিক ঝুঁকির মাত্রা নিরূপণ বা নির্দেশ করে।’
ভালো মুনাফা হওয়ায় শেয়ারপ্রতি আয়ে শীর্ষে পূবালী, ব্র্যাক, ডাচ্-বাংলা, প্রাইম ও যমুনা ব্যাংক। অন্যদিকে শেয়ারপ্রতি লোকসানে শীর্ষে রয়েছে এবি, ইসলামী, আইএফআইসি ও রূপালী ব্যাংক।
এদিকে, একুশ ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ বলেন, ‘ব্যাংকিং খাতের উন্নতি না হলে আমাদের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ইতিবাচক ধারায় ফিরে যাওয়া কঠিন। বিষয়টি আমি রাতারাতি পরিবর্তন হবে বলে মনে করি না। আগে ব্যাংকিং খাতের উন্নতি করতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কারগুলোও বাস্তবায়ন করতে হবে। এরপর পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরতে পারবে।’
ব্যাংকের মূল আয় সুদ থেকে হওয়ার কথা থাকলেও উচ্চ খেলাপির কারণে অর্থ আটকে থাকায় সেটি সম্ভব হচ্ছে না। তবে সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ করে মুনাফা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
তবে শহীদুল ইসলাম জাহিদ বলেন, ‘কোনো ব্যাংক যদি নিজস্ব কার্যক্রম পরিচালনা করতে সক্ষম না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। সুতরাং, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকার স্বার্থেই নতুন করে ঋণদান কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে ইতিপূর্বে জমে থাকা বিপুল পরিমাণ মন্দ ঋণ উদ্ধারের প্রক্রিয়াও জোরদার করতে হবে।’
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতি ও পুঁজিবাজারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন খেলাপি কমিয়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা।
