চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ঢাকাই সিনেমা ‘প্রিন্স’। এর মাধ্যমে প্রথমবার তাসনিয়া ফারিণ জুটি বাঁধেন শাকিব খানের সঙ্গে। সিনেমাটি মুক্তির পর থেকেই এ নায়িকার নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি। তাই ভক্তরাও তিনি সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করলেই জানতে চান, পরের কাজ কী।
‘ফাতিমা’ দিয়ে বড় পর্দায় আসেন ফারিণ। এরপর কলকাতার ‘আরও এক পৃথিবী’ ও ঢাকার ‘ইনসাফ’-এ অভিনয় করেন। গত বছর ‘ইনসাফ’-এর পরও তাকে নতুন প্রজেক্টে দেখা যায়নি। সেসময় তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান শুরুর কথা জানান এবং গানেও যাত্রা শুরু করেন।
শাকিবের সঙ্গে অভিনয়ের আগে কলকাতার দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। এর আগে তিনি জানিয়েছিলেন, কলকাতায়ও তার কাজ করার ইচ্ছা আছে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এদিকে চলতি বছর ‘প্রিন্স’র ভরাডুবির পরে অনেকটা আড়ালেই চলে যান ফারিণ। তবে প্রিন্সের মুক্তির ৫ মাস পরে ফেসবুকে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও ফারিনের একটি পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন নতুন কোনো সিনেমার সংবাদ পেতে যাচ্ছেন সবাই। তবে শেষে জানা যায়, সেটি ছিল একটি বিজ্ঞাপন। সেই থেকে সিনেমার ব্যাপারে আর কোন গুঞ্জনও শোনা যায়নি।
