সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লাল শাড়িতে হাতে ত্রিশূল নিয়ে পাহাড়ে দুর্গার রূপে অর্ষা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ১২:৩১ পিএম

লাল শাড়িতে হাতে ত্রিশূল নিয়ে পাহাড়ে দুর্গার রূপে অর্ষা

শারদীয় দুর্গাপূজা এলেই তারকাদের উৎসবের সাজে দেখা যায়। তবে এবার একটু ভিন্ন রূপে হাজির হয়ে নজর কেড়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। লাল শাড়ি, মাথায় টোপর, হাতে শাঁখা-পলা আর ত্রিশূল- দেবী দুর্গার প্রতীকী রূপে পাহাড়ের কোলে ধরা দিয়েছেন তিনি। তার এই ব্যতিক্রমী ফটোশুটে ফুটে উঠেছে নারীর শক্তি, সাহস ও সংগ্রামের চিত্র।

বান্দরবানের পাহাড়ি পরিবেশে ধারণ করা ছবিগুলোতে অর্ষাকে দেখা গেছে নানা রূপে। কখনো হাতে প্রতিমার মুখ, কখনো পিঠে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী থ্রুং, আবার কখনো স্থানীয় মানুষের সঙ্গে আন্তরিক মুহূর্তে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ত্রিশূল হাতে তার প্রতিবাদী উপস্থিতিও ছবিগুলোতে যোগ করেছে ভিন্ন মাত্রা।

এই বিশেষ ফটোশুটের নাম দেওয়া হয়েছে ‘পাহাড়ের নারী শক্তি ও দুর্গা’। ‘মিস্টার মোমেন্টওয়ালা’ পেজের উদ্যোগে ফটোশুটটি করেছেন আলোকচিত্রী মো. নাজমুল হোসেন। আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে সাতকাহন।

প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভিন্নধর্মী ফটোশুট করেন নাজমুল হোসেন। এবার পাহাড়ের প্রকৃতি, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাপন এবং দেবী দুর্গার প্রতীকী রূপকে একসূত্রে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এতে অর্ষার সাজের পাশাপাশি নারীর শক্তি ও সংগ্রামের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন অর্ষা। তার এই ব্যতিক্রমী রূপের প্রশংসা করেছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখেরাও। অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, ‘দারুণ’। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘ভীষণ সুন্দর’। অভিনেত্রী সুষমা সরকার মন্তব্য করেছেন, ‘মা দুর্গা’। অন্যদিকে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘বিউটিফুল’।

অর্ষার এই ফটোশুটে উৎসবের সাজের বাইরেও উঠে এসেছে এক ভিন্ন বার্তা। দেবী দুর্গার প্রতীকী শক্তিকে ধারণ করে পাহাড়ের প্রেক্ষাপটে নারীর সাহস, আত্মবিশ্বাস ও সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দেবী দুর্গার আগমনকে ঘিরে প্রতিবছরই নানা আয়োজনের পাশাপাশি শিল্প, আলোকচিত্র ও সংস্কৃতির মাধ্যমে উৎসবের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরা হয়।

এম/আই

Link copied!