শারদীয় দুর্গাপূজার ছুটিতে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হাজারো পর্যটকের সমাগম ঘটেছে। সমুদ্র সৈকতজুড়ে পর্যটকদের এই মুখরিত পদচারণায় স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেচাকেনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সৈকতে আসা পর্যটকদের কেউ সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠছেন। অনেককে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং প্রিয়জনের হাত ধরে পুরো সৈকত ঘুরে বেড়াতে দেখা গেছে।
পর্যটকদের এই ব্যাপক আগমনে কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে কক্ষের চাহিদা বহুগুণ বেড়ে গেছে। হোটেল মালিক ও সংশ্লিষ্টদের তথ্য মতে, ইতোমধ্যে কুয়াকাটার আশি থেকে ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। রেস্তোরাঁ ও বিভিন্ন খাবারের দোকানে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সৈকত এলাকায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।
আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কুয়াকাটা পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে এই সমাগম আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই পূজার ছুটি ঘিরে কুয়াকাটায় প্রায় চার লাখ পর্যটকের আগমন ঘটতে পারে।
