বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:৪৮ পিএম

করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা?

একসঙ্গে পরিচালক করণ জোহরের আড্ডায় অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেতা সাইফ আলি খান। ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের চতুর্থ পর্বে দেখা যাবে এ বলিউড তারকা দম্পতিকে। 

বুধবার (৪ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা শেষ পর্বের। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানের ঝলক।

অনুষ্ঠানের শুরুতেই করণ জোহরকে খোঁচা দিতে ছাড়েননি বন্ধু কারিনা কাপুর। শেষ সিজনের কথা শুনে এখন পর্যন্ত অতিথিরা দুঃখপ্রকাশ করেছেন। সবাই করণকে এ অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে বলছেন। কিন্তু কারিনা কাপুর তার চেনা কায়দায় বলেন, ‘আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। এবার আর আমাদের বারবার ‘কফি উইথ করণ’-এ আসতে হবে না।’ কারিনার এমন মন্তব্যে পাল্টা রসিকতা করেন করণ জোহর। পরিচালক বলেন, ‘অনুষ্ঠানের শেষ সিজন নিয়ে তোমার এই সংবেদনশীলতার জন্য ধন্যবাদ!’

অন্যদিকে, এই অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ পরিবেশের সঙ্গে সাইফকে খুব একটা মানানসই লাগে না বলেই মনে করেন অনেকে। এবার নিজেই সে কথা মেনে নিলেন অভিনেতা। স্ত্রী ও করণের কথোপকথনের মাঝখানে বলে উঠলেন, এই অনুষ্ঠানে নিজেকে তার ‘বেমানান’ মনে হয়।    

অনুষ্ঠানের ঝলকে দেখা গেছে, অভিনেত্রী কারিনা কাপুরকে একটি মজার প্রশ্ন করেছেন করণ জোহর। বর্তমান বলিউডের অভিনেতাদের মধ্যে এক নম্বরে কাকে রাখবেন তিনি? উত্তর অবশ্য ঝলকে প্রকাশ করা হয়নি। তবে স্ত্রীর জবাব শুনে সাইফের মন্তব্য— অন্য অভিনেতাদের প্রশংসাও করতে পারো তুমি।

এমনই নানা হাসির মুহূর্ত ধরা পড়েছে এ পর্বের ঝলকে। তারকা সন্তানদের প্রসঙ্গও উঠে আসে এবং তা নিয়ে হাসাহাসিও করেন তারা।

বলিউডে তারকা সন্তানদের সুযোগ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে পড়েছেন করণ জোহর। তার প্রযোজনায় একাধিক তারকা সন্তান অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেই প্রসঙ্গেই সাইফও একটি খোঁচা দিয়েছেন।

এম/আর

Link copied!