শোবিজ অঙ্গনের তারকা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সংগীতশিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হলো ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর পঞ্চম আসর।
Advertisement
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনে বসে তারকাখচিত এই আসর। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, মডেলিং ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের ফাউন্ডার শাহরিয়ার স্বপন, উপদেষ্টা রাজু আলিম, কো-ফাউন্ডার অন্তু করিম, অনন্যা আজিজ এবং জুরি বোর্ডের সদস্য মো. মানসুরুল হকসহ আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা।
Aএবারের আসরে চলচ্চিত্র বিভাগে বেস্ট অ্যাক্ট্রেস নির্বাচিত হয়েছেন সাবিলা নূর (বনলতা এক্সপ্রেস)। বেস্ট অ্যাক্টর বিভাগে যৌথভাবে সম্মাননা পেয়েছেন মোশাররফ করিম ও শরিফুল রাজ (বনলতা এক্সপ্রেস)। বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে নির্বাচিত হয়েছেন ফারজানা ছবি (প্রেশার কুকার)। বেস্ট ডিরেক্টর হয়েছেন তানিম নূর (বনলতা এক্সপ্রেস)।
টেলিভিশন নাটক বিভাগে বেস্ট অ্যাক্ট্রেস নির্বাচিত হয়েছেন তানজিন তিশা (খোয়াবনামা) এবং বেস্ট অ্যাক্টর ফারহান আহমেদ জোভান (তোমার গল্প ২)। বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে যৌথভাবে সম্মাননা পেয়েছেন মনিরা মিঠু ও মালাইকা চৌধুরী। এ বিভাগে বেস্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন যৌথভাবে প্রবীর রয় চৌধুরী ও জাহিদ প্রীতম।
ওটিটি বিভাগে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন সাফা কবির, বেস্ট অ্যাক্টর তৌসিফ মাহবুব এবং বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে যৌথভাবে নির্বাচিত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া ও রুনা খান। বেস্ট ডিরেক্টর হয়েছেন রায়হান রাফি।
সংগীত বিভাগে বেস্ট লিরিসিস্ট/কম্পোজার হিসেবে সম্মাননা পেয়েছেন গালিব হাসান ও বাপ্পা মজুমদার। বেস্ট সিঙ্গার মেল নির্বাচিত হয়েছেন মাহতিম শাকিব এবং বেস্ট সিঙ্গার ফিমেল দোলা রহমান।
বিনোদন ও পারফরম্যান্স বিভাগে বেস্ট রাইজিং স্টার ইন অ্যাক্টিং ক্যাটাগরিতে যৌথভাবে নির্বাচিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা ও ইশরাত অতিথি। বেস্ট স্টেজ পারফর্মার হয়েছেন মন্দিরা চক্রবর্তী।
ডিজিটাল কনটেন্ট ও ইনফ্লুয়েন্সার বিভাগেও ছিল একাধিক সম্মাননা। বেস্ট ফুড ভ্লগার হয়েছেন ‘রাফসান দ্য ছোট ভাই’। বেস্ট সোশ্যাল ইমপ্যাক্ট/অ্যাওয়ারনেস ক্রিয়েটর নির্বাচিত হয়েছে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’। বেস্ট কনটেন্ট ক্রিয়েটর—লাইফস্টাইল/ফ্যাশন/বিউটি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন স্মিতা চৌধুরী।
এ ছাড়া বেস্ট ব্র্যান্ড প্রমোটার হয়েছেন শাম্মি ইসলাম নীলা এবং বেস্ট ট্রাভেল ভ্লগার সালাহ উদ্দিন সুমন, বেস্ট স্টোরি টেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন মহসিন উল হাকিম। বেস্ট টেক ইনফ্লুয়েন্সার নির্বাচিত হয়েছেন রবিন রাফান। বেস্ট কনটেন্ট ক্রিয়েটর—এডুকেশন/ইনফোটেইনমেন্ট বিভাগে সম্মাননা পেয়েছেন শুভাষিস ভৌমিক এবং বেস্ট কনটেন্ট ক্রিয়েটর—ফিটনেস হয়েছেন আসিফ হাসান সাগর।
বাংলাদেশের পুষ্টি ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘ ১১ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘বেস্ট নিউট্রিশনিস্ট’ সম্মাননায় ভূষিত হয়েছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।
সামিয়া তাসনিম একজন পুষ্টিবিদ, গবেষক ও জনস্বাস্থ্য পুষ্টি পেশাজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সেসের (INFS) এমফিল গবেষক। ক্লিনিক্যাল নিউট্রিশন, কমিউনিটি নিউট্রিশন, মাতৃ ও শিশুপুষ্টি, নারীর স্বাস্থ্য, স্থূলতা ব্যবস্থাপনা এবং পুষ্টি পরামর্শের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।
পেশাগত জীবনে তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, করপোরেট সংস্থা, সামাজিক সংগঠন ও ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, পুষ্টিবিষয়ক পরামর্শ, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় তার সক্রিয় ভূমিকা রয়েছে।
তিনি বাংলাদেশ নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান অ্যাসোসিয়েশনের (BNDA) প্রতিষ্ঠাতা সভাপতি। পেশাগত সংগঠনের নেতৃত্বের পাশাপাশি দেশে পুষ্টিবিদদের পেশাগত উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা এবং পুষ্টিসেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন।
দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, গবেষণা, নেতৃত্ব এবং পুষ্টি সচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘বেস্ট নিউট্রিশনিস্ট’ সম্মাননা অর্জন তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জন দেশের পুষ্টি পেশার অগ্রযাত্রায় তাকে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং আরএইচটির প্রতিনিধি ডা. তহমিনা নওরিন আয়োজনের সফলতা ও ধারাবাহিকতা কামনা করেন।
বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতা, মেধা, পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে শেষ হয় ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর পঞ্চম আসর। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ আগামী দিনেও দেশের বিভিন্ন অঙ্গনের প্রতিভাবান ও সফল ব্যক্তিত্বদের অনুপ্রাণিত করবে।
