বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:৫৩ এএম

পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ

আন্তর্জাতিক ডেস্ক : আগাম সংসদ নির্বাচনের আগে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। পদত্যাগী প্রেসিডেন্ট ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রার্থী হিসেবে আবার নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার তিনি প্রেসিডেন্ট পদ নয়, প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ খবর দিয়েছে অনলাইন আরটি। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ভুচিচ। তিনি বলেন, বর্তমান দায়িত্বে এটিই তার শেষ বক্তব্য।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনরত ভুচিচ সার্বিয়ার সংবিধান অনুযায়ী আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রেসিডেন্ট পদে তার পদত্যাগের পর তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। গত জুনে এক সমাবেশে প্রথমবারের মতো পদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ভুচিচ। আসন্ন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের কারণে চলতি বছর সার্বিয়ার নাগরিকদের দু’বার ভোট দিতে হবে।

আগামী ২৫ অক্টোবর আগাম সংসদ নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে ভুচিচ তার দল এসএনএসের প্রধান হিসেবে প্রার্থী হতে পারেন। দলটি জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেয়ার সম্ভাবনা রয়েছে। ভুচিচকে বিদায় জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। তাদের কারও হাতে ছিল ‘ধন্যবাদ’ লেখা ব্যানার। কেউ কেউ ভুচিচকে ‘রাজনৈতিক প্রতিভা’ হিসেবে অভিহিত করেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বক্তব্য শেষ করার পর এবং ক্যামেরার সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর ভুচিচ নিজেই সমর্থকদের সঙ্গে যোগ দেন।

Link copied!