সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ১১:১৫ এএম

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলিদের হামলা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম দেখতে গিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ইউরোপীয় কূটনীতিকদের একটি দল। হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ফ্রান্সের একজন মেয়রও রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের তাইবেহ গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এর এক দিন আগে রামাল্লাহর উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপরও হামলা চালিয়েছিলেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, শনিবারের (১৭ অক্টোবর) হামলায় বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করা হয়। এতে ফ্রান্সের একজন মেয়র আক্রান্ত হন এবং বেলজিয়ামের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রেভো এ হামলার জন্য ইসরায়েলের ‘অবৈধ বসতি স্থাপন নীতিকে’ দায়ী করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি চাপ দেবেন।

হামলার শিকার ফরাসি মেয়র বার্নার্ড বোদু বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনা থেকে মনে হয়, বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি ইসরায়েলি সরকারের একধরনের সহনশীলতা রয়েছে।

ঘটনাস্থলে থাকা এক কর্মী অমিত ওরফালির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ধুলোমাখা মাটিতে বসে একটি গাড়িতে হেলান দিয়ে আছেন বোদু। অন্য ভিডিওতে মুখোশ পরা কয়েকজন তরুণকে গাড়ির চালকের পাশের জানালায় বারবার আঘাত করতে ও পরিচয় জানতে চাইতে দেখা যায়। দূরে লাঠি হাতে আরও কয়েকজন মুখোশধারীকে এগিয়ে আসতে দেখা যায়। ওরফালি জানান, হামলাকারীরা তাদের হত্যার হুমকি দিয়েছিলেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো ইসরায়েলকে ‘চরমপন্থি বসতি স্থাপনকারীদের’ গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বোদুর ওপর সহিংস হামলা চালানো হয়েছে। এ অপরাধমূলক সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েল এ দায়িত্ব পালনে বাধ্য বলেও উল্লেখ করেন তিনি।

আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ রামাল্লাহ থেকে জানান, বসতি স্থাপনকারীরা কূটনীতিকদের গাড়িগুলো ঘিরে ধরে সেগুলো লক্ষ্য করে পাথর ছোড়েন ও জানালা ভাঙচুর করেন।

ঘটনাটি নিয়ে ইসরায়েলি পুলিশ তদন্ত শুরু করেছে। বেলজিয়ামও হামলার নিন্দা জানিয়েছে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের মৌসুমে বসতি স্থাপনকারীদের সংঘবদ্ধ হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে।

তবে ইউরোপীয়দের ওপর হামলার খবর নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। এক্সে দেওয়া বিবৃতিতে ঘটনাটিকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করে কার্যালয়টি বলেছে, এ বিষয়ে জোরালো প্রমাণ প্রয়োজন। যদিও বিবৃতিতে স্বীকার করা হয়েছে, ঘটনাটির ভিডিও প্রকাশিত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এম/আই

Link copied!