শিশুসন্তানকে নিয়ে ভারত থেকে পালিয়ে যাওয়া এক রুশ নাগরিকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির সাকেত আদালতকে এ তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ।
ভারতীয় এক নাগরিককে বিয়ে করা ওই রুশ নারীর বিরুদ্ধে করা একটি মামলার বিষয়ে আদালতে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা দিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই রুশ নাগরিক ভিক্টোরিয়া বসুর প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।
২০১৭ সালে ভিক্টোরিয়াকে বিয়ে করেছিলেন সৈকত বসু। তাদের সন্তান জন্ম নেয় ২০২০ সালের ২৯ অক্টোবর। এই দম্পতির সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালে ডিফেন্স কলোনি থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়, সৈকতকে না জানিয়ে গত ২০২৩ সালের ১৩ মার্চ ভিক্টোরিয়া তার মাকে নিয়ে বাড়ি থেকে চলে যান এবং সন্তানকে ফেলে যান। পরবর্তীতে তিনি ওই সন্তানের একচ্ছত্র অভিভাবকত্ব চেয়ে আদালতে আবেদন করেন।
বর্তমানে মামলাটি দিল্লির সাকেত জেলা আদালতে বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার বিচারিক ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) দীপাক্ষী রানার আদালতে এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় দিল্লি পুলিশ।
আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়ে পুলিশ জানিয়েছে, সৈকতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে করা মামলার মূল অভিযুক্ত ভিক্টোরিয়া বসুকে খুঁজে বের করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোর ভারতীয় দূতাবাসে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।
এছাড়া মূল অভিযুক্ত ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে ইন্টারপোলের একটি রেড কর্নার নোটিশও জারি করা হয়েছে।
পুলিশ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগকারীর জমা দেওয়া নথিপত্রগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
