সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

ফ্লোরিডায় সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১১:৩৩ এএম

ফ্লোরিডায় সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে পাম বিচ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি সড়কে আছড়ে পড়ে আগুনের গোলায় পরিণত হয়। অল্পের জন্য রক্ষা পায় আশপাশের বাড়িঘর।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন তিনি।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল দুই ইঞ্জিনবিশিষ্ট লিয়ারজেট ৬০। এটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে নিচের দিকে নেমে আসছে। এরপর মিলিটারি ট্রেইল ও টেনথ অ্যাভিনিউ নর্থের সংযোগস্থলের কাছে সড়কে আছড়ে পড়ে। মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে সড়কের ওপর বড় একটি গর্ত তৈরি হয়। বিমানটির ধ্বংসাবশেষ পুড়ে কালো হয়ে যায়। আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, যা কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে। দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল করছিল। তবে আশপাশের বাড়িঘর অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করার কাজ শুরু করেন। উদ্ধার তৎপরতা ও তদন্তের স্বার্থে আশপাশের সড়কে দুই দিক থেকেই যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর আগে বিমানটির গতিবিধি বিশ্লেষণে অস্বাভাবিক দ্রুতগতিতে নিচে নেমে আসার তথ্য পাওয়া যায়। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিএনএনের বর্ণনা অনুযায়ী, বিমানবন্দরের সঙ্গে পাইলটের যোগাযোগের অডিওতে প্রথমে হালকা ও স্বচ্ছ বরফ জমার কথা জানানো হয়। পাইলটের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি তখন নিয়ন্ত্রণযোগ্য ছিল। পাশাপাশি মাঝারি মাত্রার ঝাঁকুনির কথাও জানান তিনি।

পরে বৃষ্টিপাতের কথা জানিয়ে আরও ওপরে ওঠার অনুমতি চান পাইলট। একপর্যায়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেন তিনি। এরপর বিমানের অতিরিক্ত গতি এবং প্রতি মিনিটে ২০ হাজার ফুট নিচে নেমে যাওয়ার তথ্য জানান বলে অডিওর বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এম/আই

Link copied!