ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২০ জন।
গতকাল রাতে চালানো এ হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। দখলদাররা দাবি করেছে, হাসপাতালে কমপ্লেক্সে সশস্ত্র গোষ্ঠী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আবু ঈসমাইল ছিলেন। আর তাকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
যৌথ বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা বলেছে, নাসের হাসপাতাল কমপ্লেক্সে খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আবু ঈসমাইল ও তার অন্যান্য সহযোগীরা লুকিয়ে ছিলেন।
আবু ঈসমাইলের কাজ ছিল খান ইউনিস ব্রিগেডের কার্যক্রম পরিচালনা করা এবং ইসরায়েলি সেনাবাহিনী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো এগিয়ে নেওয়া।
খান ইউনিস ব্রিগেডের সাবেক কমান্ডার গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। এরপর আবু ঈসমাইল এ দায়িত্ব পান। এখন তাকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যেসব যোদ্ধা ইসরায়েলিদের জিম্মি করে নিয়ে এসেছিলেন, তাদের কয়েকজন আবু ঈসমাইলের কাছে ছিলেন।
তবে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটি এখনো নিশ্চিত করতে পারেনি ইসরায়েল।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তার সর্বশেষ অবস্থা নিরূপণের চেষ্টা চলছে।
গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। তা সত্ত্বেও গাজায় প্রায় প্রতিদিন হামলা চালায় ইসরায়েলিরা। এতে সেখানে মৃতের সংখ্যা বেড়েই চলছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
