মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলায় উত্তপ্ত সারা দেশ

বাস-ট্রেন-পুলিশের গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ; ফরিদপুরে বাসচালকের মৃত্যু, জনমনে আতঙ্ক

হাফিজ উদ্দিন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:১৩ পিএম

বাস-ট্রেন-পুলিশের গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ; ফরিদপুরে বাসচালকের মৃত্যু, জনমনে আতঙ্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ও মঙ্গলবারের এসব ঘটনায় বাস, কাভার্ড ভ্যান, ট্রেন, পুলিশের গাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। কোথাও মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে, কোথাও রেললাইনে আগুন জ্বালানো হয়েছে। রাজধানীতে এক সন্ধ্যায় অন্তত ডজনখানেক স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিভিন্ন স্থানে আহত হয়েছেন অনেকে। ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ শিক্ষার্থী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনা ঘটে। সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকের সামনে বিস্ফোরণের পর একের পর এক ঘটনার খবর আসতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, মালিবাগ মোড়, মিরপুর-১৩, টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মগবাজার, মোহাম্মদপুর, তিতুমীর কলেজের গেট, বনানী কবরস্থান গেট, গুলশান-তেজগাঁও লিংক রোড এবং সাউথইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের তল্লাশিচৌকিতে পাঁচটি হাতবোমাসহ একজনকে আটক করা হয়।

সিএমএম আদালতের সামনে বিস্ফোরণের পর ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি তাজা ককটেল উদ্ধারের কথাও জানানো হয়। সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়। আটকের সময় মারধরে আহত যুবায়ের জামিল ও জাবির সালেহীন দিপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেটের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে হাতবোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের ভেতরেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। মালিবাগ মোড়ে পলওয়েল জি-গ্যাস স্টেশনের সামনে তিনটি হাতবোমা বিস্ফোরিত হয়। রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১৩ নম্বরে বিআরটিএর গেটের সামনে এবং পৌনে নয়টার দিকে টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ ঘটে। পরে মিরপুর-১ নম্বর গোলচত্বরে জোড়া হাতবোমা বিস্ফোরণে ওমর আলী (৬০) নামে এক রিকশাযাত্রী আহত হন। তাঁর বাঁ পা ও চোখে স্প্লিন্টারের আঘাত লাগে।

রাত সাড়ে নয়টার দিকে মগবাজারে পুলিশের চেকপোস্টে হাতবোমা নিক্ষেপের চেষ্টার সময় চারজনকে আটক করা হয়। এরপর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বিপরীত পাশে জোড়া হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিতুমীর কলেজের গেটের সামনে বিস্ফোরণের পর একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। একই রাতে বনানী কবরস্থান গেট, আলোকি কনভেনশন সেন্টার ও সাউথইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীতে অন্তত ১০ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। এর আগে বনশ্রী ও মহাখালী ফ্লাইওভারেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীতে বিস্ফোরণের পাশাপাশি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে যাত্রী থাকলেও আগুন নেভানোর সময় কেউ ভেতরে ছিলেন না। নিরাপত্তার কারণে পরে ফার্মগেট মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাত সোয়া নয়টার দিকে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল লাইনের নিচে দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। রোববার রাত দুইটার দিকে তিনটি মোটরসাইকেলে করে নয়জন এসে নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দেয়। একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

এদিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সোমবার রাত দুইটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুরেও এক রাতেই তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। এরপর মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকার মনিপুরের শ্যামলী মোড়ে দাঁড়িয়ে থাকা শ্রমিক পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জ শহর ও আশপাশের এলাকায় সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করে পুলিশ।
গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টাও করা হয়। এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি ককটেল উদ্ধারের কথাও জানানো হয়েছে।
অন্যদিকে গতকাল মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। অভিযোগ রয়েছে, মিছিলকারীরা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অবরোধের কারণে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক এবং পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায়ও অবরোধ, গাড়ি ভাঙচুর ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার রাত একটার দিকে লগি-বৈঠা হাতে একদল লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অবরোধ, বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এতে সেতুর দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং প্রায় আধা ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকে। আতঙ্কে টোলপ্লাজার কর্মীরা সরে যান। পুলিশ ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় যমুনা সেতুর পশ্চিমপাড়ে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। সোমবার রাত ১১টার দিকে কয়েকজন ব্যক্তি আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। পাশের শহীদ এম মনসুর আলী স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। এ ছাড়া হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ির গুইমারায় হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সোমবার রাতে আগুন দেওয়া হয়। এতে আসবাবপত্রসহ পুরো কার্যালয় পুড়ে যায়। মঙ্গলবার ভোরে পানখাইয়া সড়কে দাঁড়িয়ে থাকা একটি চান্দের গাড়িতেও আগুন দেওয়া হয়। এ ছাড়া দীঘিনালা ও মাটিরাঙা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এসব ঘটনায় সন্দেহভাজন আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে ফরিদপুরে। শহরের গোয়ালচামট পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে সোমবার রাত পৌনে দুইটার দিকে কিশোর-তন্ময় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ (৫৫)। আগুনে তাঁর একটি হাত পুড়ে যায়। বাস থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। পরে ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য, মোটরসাইকেলে করে তিনজন এসে তাঁদের একজন বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে আল বাকারা পরিবহনের দুটি বাস পুড়ে যায়। বাস দুটির মালিকের দাবি, পরিকল্পিতভাবে আগুন দিয়ে তাঁর প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ফলে ঘটনাটিকে নাশকতা হিসেবে নিশ্চিত করা যায়নি।
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে মঙ্গলবার ভোর ছয়টার দিকে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এতে বগিটির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে যায়। আগুন লাগার সময় ট্রেনে কোনো যাত্রী বা রেলকর্মী ছিলেন না। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া ঢাকার সাভারে অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশে একটি ব্যাগে অন্তত তিনটি হাতবোমা থাকার তথ্য দিয়েছে পুলিশ। মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এ ঘটনায় হামলাকারীদের পরিচয় ও পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুমিল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০৭ জনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ। সোমবার রাতে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালায়। পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। তবে এসব আটকের সঙ্গে নির্দিষ্ট কোনো অগ্নিসংযোগ বা বিস্ফোরণের ঘটনার সরাসরি যোগসূত্রের তথ্য জানানো হয়নি।
এদিকে বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি ঘোষণা দেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলে দলের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
দেশের বিভিন্ন স্থানে এসব ধারাবাহিক অগ্নিসংযোগ, বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অবরোধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গণপরিবহন, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ স্থাপনা ও গুরুত্বপূর্ণ সড়ককে কেন্দ্র করে এসব ঘটনা ঘটায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

জেএইচ

দিনের গুরুত্বপূর্ণ সংবাদ বিভাগের আরো খবর

Ad Image
Link copied!