প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখা থেকে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলা, ১২৮৫ নম্বর বাড়ির জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক এবং খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা (চাকরিচ্যুত) শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে ও সাবেক গুদামরক্ষক (চাকরিচ্যুত) মোয়াজ্জেম হোসেন।
সাজার বিবরণিতে জানা গেছে, আদালত আসামি এনামুল হক ও জিয়াউল হককে পৃথকভাবে দণ্ডবিধির ৪০৬ ধারায় ২ বছর, ৪২০ ধারায় ৩ বছর, ৪৬২(ক) ধারায় ২ বছর এবং ৪৬২(খ) ধারায় ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রতিটি ধারায় ২ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অন্যদিকে, ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় ৩ বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় ২ বছর করে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৪২০, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় ২ হাজার টাকা করে এবং ৪০৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্ট ধারাগুলোতে পৃথকভাবে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে আরো উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ধারায় দেওয়া কারাদণ্ড একই সঙ্গে কার্যকর হবে। এ ছাড়া আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে, যা দণ্ডপ্রাপ্ত শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগ সুবিধার আবেদন করেন। পরের বছর ১৯৯২ সালের ১৯ এপ্রিল তাঁর অনুকূলে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা মঞ্জুর করা হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হলেও বন্ধকি সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই ঋণ অনুমোদন দেন ব্যাংক কর্মকর্তারা।
পরবর্তী সময়ে ব্যাংকের গুদামে টায়ার ও টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে ‘মেসার্স কনফিডেন্স টায়ার হাউজ’-এর নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। কিন্তু তদন্তে উঠে আসে, গুদামে নামমাত্র কিছু টায়ার-টিউব রেখে অধিকাংশ পণ্য সরবরাহের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে। পরে গুদামে থাকা কিছু পণ্য নিলামে বিক্রি করে তিনটি হিসাব সমন্বয় করা হলেও বাকি ছয়টি হিসাবে ৭৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা অনাদায়ী থেকে যায়। সুদ, কমিশন ও অন্যান্য পাওনাসহ ১৯৯৫ সালের ২৬ এপ্রিল পর্যন্ত আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।
এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান বাদী হয়ে ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক আবদুল ওয়াদুদ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দিলেন।##
সৈয়দ শাহ মোস্তফা হাসমী
