বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে

 ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও তদন্ত কার্যক্রম আরও কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ লক্ষ্যে ফরেনসিক পরীক্ষাগারের আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন ও কৌশলে পরিবর্তন আসছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিআইডি প্রতিষ্ঠার পর থেকেই রাসায়নিক পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন নমুনা পরীক্ষা করে বিচারিক কার্যক্রমের জন্য প্রতিবেদন দিয়ে আসছে। তবে বর্তমান বাস্তবতায় এসব পরীক্ষাগারের কার্যক্রমের পরিধি ও সক্ষমতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অপরাধ তদন্তে বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যথাযথভাবে নমুনা পরীক্ষা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং নির্ভরযোগ্য প্রতিবেদন দেওয়া সম্ভব হয়। এতে বিচারিক কার্যক্রমে সহায়তা পাওয়া যায় এবং মানুষের ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যুগের চাহিদা অনুযায়ী অপরাধ মোকাবিলায় ফরেনসিক পরীক্ষাগারের আধুনিকায়নের পাশাপাশি উন্নত যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো ও অন্যান্য লজিস্টিক সুবিধা নিশ্চিত করা হবে। ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!