ধর্মীয় পরিচয় নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করে শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান—ধর্ম যার যার, কিন্তু সবার পরিচয় বাংলাদেশি। নাগরিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ধর্মীয় পরিচয় কোনোভাবেই বিবেচ্য হতে পারে না।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু পরিচয়ের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না। রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের অধিকার সমান হবে এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিকের অধিকার খর্ব করা যাবে না।
মুক্তিযুদ্ধ থেকে গণঅভ্যুত্থান—লড়াই ছিল অধিকারের জন্য:
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, বিভিন্ন সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের প্রধান লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। এসব আন্দোলনে অংশ নেওয়ার ক্ষেত্রে কেউ ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেননি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। সেদিন কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ কিংবা কে খ্রিস্টান—তা বিবেচনা করে কেউ যুদ্ধে অংশ নেননি। সবার লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা।
একইভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও মানুষ ধর্মীয় পরিচয় ভুলে রাজপথে নেমেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারী-পুরুষ, শিশু ও তরুণসহ বিভিন্ন বয়সের লাখ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। গুলিবিদ্ধ কিংবা আহত ব্যক্তিকে উদ্ধার বা চিকিৎসা দেওয়ার আগে কেউ তাঁর ধর্মীয় পরিচয় জানতে চাননি।
প্রধানমন্ত্রী বলেন, আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই আহত হয়েছে। বাকিরা তাঁদের ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছেন। কেউ জিজ্ঞেস করেননি, কী তাঁর ধর্ম পরিচয়।
এসব ঘটনা মানুষের অধিকার ও মানবিকতার প্রশ্নে ধর্মীয় পরিচয় যে মুখ্য নয়, তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, সমান নাগরিক অধিকার:
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক কারণে তাঁকে দীর্ঘদিন বিদেশে থাকতে হয়েছে। বাংলাদেশে তিনি সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারী হলেও লন্ডনে অবস্থানের সময় সেই পরিচয় তাঁকে সংখ্যাগরিষ্ঠ করেনি। তাই নাগরিকের অধিকার নির্ধারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়ের চেয়ে তিনি বাংলাদেশের নাগরিক কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, বাংলাদেশে জন্মগ্রহণ ও বেড়ে ওঠার কারণে আমাদের সবার পরিচয় বাংলাদেশি। রাষ্ট্রের কাছ থেকে একজন নাগরিক যে অধিকার ও সুযোগ পাবেন, অন্য নাগরিকও তা পাবেন। এ ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত নয়।
সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান:
মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রত্যাশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলবে।
তিনি বলেন, আজকে যদি সেই বাংলাদেশ গড়তে হয়, আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনি হিন্দু হোন, মুসলমান হোন, বৌদ্ধ হোন কিংবা খ্রিস্টান হোন, যাই হোন না কেন, আপনার সহযোগিতা আমার দরকার।
সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে তিনি নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ ছাড়া বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
