বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৯:২৪ পিএম

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩)। নিখোঁজদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তাদের সঙ্গে থাকা অন্য পর্যটকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন পর্যটক ভেসে যান। তাদের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে আসেন।

স্থানীয়দের প্রচেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সৈকতকর্মী মাহবুব রহমান জানান, প্রথমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানেই তার মৃত্যু হয়। আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

নিহত রোহান (২৩) ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মুকাররম হোসেন। নিহত অপর পর্যটক শহীদুল ইসলামের বয়স ২৩ বছর। তবে তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিখোঁজ পর্যটকদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ অপর পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এম/আই

Link copied!