ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)। একজন প্রার্থী হওয়ায় তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
ইসি জানায়, আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। এছাড়া বিএনপি থেকেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আইনগত প্রক্রিয়া ও আপিল নিস্পত্তির সময়সীমা শেষ হলে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখের পর আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করলে সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে। এরপর ইসি তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ যাচাই-বাছাই করা হয়েছে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করার সুযোগ থাকবে, যা নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। এছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরবর্তীতে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
