বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি ঘিরে চলমান শ্রম অসন্তোষের মধ্যে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে প্লাটুন সংখ্যা বাড়তে পারে।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে তারা দায়িত্ব পালন করবেন বলেন জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রোববার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা।
এর মধ্যে শনিবার শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ জানান, বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করা হবে রোববার।
শ্রম আইন অনুযায়ী, সরকার চার সদস্যের একটি নিম্নতম মজুরি বোর্ড গঠন করে থাকে। এতে থাকেন একজন চেয়ারম্যান, একজন নিরপেক্ষ সদস্য, একজন মালিক প্রতিনিধি ও একজন শ্রমিক প্রতিনিধি।
আর কোনো শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সেই শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা এ বোর্ডের সঙ্গে কাজ করেন।
শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সেই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে।
