সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অন্যদিকে, এ ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। আর মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া ও সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।
তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া যায় বলে দাবি সূত্রের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।
নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।
চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনে পুনরায় রিমান্ডের আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
