পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়েছে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। চলতি বছরের অক্টোবরে ছুটির দিন বাদে এক লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়। এ সময় দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৬ হাজার মেট্রিক টন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে এই খনি থেকে ১ লাখ ৪৯ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছিল।
জানা গেছে, বর্তমানে খনির বেশ কয়েকটি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুত রয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের সঙ্গে সমন্বয় করে খনির উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে। জিটিসির পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। বর্তমানে খনিতে পাথর বিক্রিও বেড়েছে।
১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেট্রোবাংলার ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৫ মে খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হলেও বর্তমানে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হচ্ছে।
