বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বার্তা সিএমপি কমিশনারের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:০৩ পিএম

অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বার্তা সিএমপি কমিশনারের

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিএমপি কমিশনার। ছবি : মুক্তবাণী

চট্টগ্রাম নগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় কমিশনার বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও ডিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
হত্যা মামলাসহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের গতি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জনগণের অভিযোগ ও মামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে বলেন কমিশনার।
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন তিনি।
সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেএইচ

Link copied!