বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

আদালত প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৩:০৬ পিএম

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবর রেজিস্টার্ড পোস্ট ও ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, আইনের শাসনের মূলনীতি অনুযায়ী সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনা আইনের আশ্রয়লাভের অধিকার রাখেন। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে গঠনমূলক, আইনি ও প্রশাসনিক পরামর্শ হিসেবে বিভিন্ন ধাপ বিবেচনার কথা বলা হয়েছে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদ সমুন্নত রাখতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়েরের কথা বলা হয়েছে।
 

জেএইচ

Link copied!