আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসিকে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, এমন সংবাদ সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
বৃহস্পতিবার এক প্রতিবাদলিপিতে তিনি এ দাবি করেন।
প্রতিবাদলিপিতে চিফ প্রসিকিউটর জানান, তিনি ব্যক্তিগতভাবে গত ১৮ ও ১৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেমের শুনানিতে অংশগ্রহণ করেন। দুই দিনই আপিল বিভাগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকসহ অন্যান্য আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গতকাল অথবা আজ ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ মর্মে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি। প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে যে বক্তব্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
প্রতিবাদলিপিতে মো. আমিনুল ইসলাম আরও বলেন, উল্লিখিত সংবাদে চিফ প্রসিকিউটর হিসেবে তিনি খুবই মর্মাহত হয়েছেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদেই চিফ প্রসিকিউটর এ বিবৃতি দেন।
