বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না, ভারতীয় মন্ত্রীদের আইনমন্ত্রীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৪:৫৪ পিএম

বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না, ভারতীয় মন্ত্রীদের আইনমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না। পলাতক শেখ হাসিনা ভারতে গিয়ে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধ আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহিদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ ও শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

দৈনিক মুক্তবাণী

Link copied!