জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত উপকূলের সুরক্ষায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চেয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা। একই সঙ্গে উপকূলের সমন্বিত উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি তোলা হয়। আয়োজক সংগঠনগুলো হলো ক্লাইমেট অ্যাকশন ফোরাম, ড্রিম রিসার্স এণ্ড ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন (ডিআরডিএফ), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা), মৃত্তিকা ও সচেতন সংস্থা। সমাবেশে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুল। সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ থেকে জলবায়ু মোকাবেলায় বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কিন্তু এ পর্যন্ত জলবায়ু অর্থের প্রায় ৬৭ শতাংশ এসেছে ঋণ হিসেবে। যে অর্থ আসে, তা উপকূলের কোথায় কোন প্রকল্পে খরচ হলো, তার হিসাব উপকূলবাসীর কাছে নেই। উপকূলের জন্য আলাদা বরাদ্দ, অগ্রাধিকার তালিকা ও সময়সীমা কোনোটিই সুনির্দিষ্ট নয়। তাই দেশের ভেতরে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপকূলীয় কর্মপরিকল্পনা এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, ভূমিক্ষয় ও লবণাক্ততার কারণে উপকূলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির কারণে মানুষ শহরমুখী হতে বাধ্য হচ্ছে। উপকূলকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি জলবায়ু ঝুঁকি মোকাবেলায় এ পর্যন্ত ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানান।
নিখিল চন্দ্র ভদ্র বলেন, শুধু আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে থাকলে হবে না; বিশ্বের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি জাতীয় পর্যায়েও সমন্বিত উদ্যোগ নিতে হবে। জলবায়ু সংকটে রাজনৈতিক দলগুলোকেও অভিন্ন অবস্থান নিতে হবে বলে তিনি মনে করেন।
সভাপতির বক্তব্যে আমিনুর রসুল বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। প্রকল্প গ্রহণে স্থানীয় মানুষের মতামত ও বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে এবং বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুন্দরবন সুরক্ষার পাশাপাশি উপকূল উন্নয়ন বোর্ড গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, ডিআরডিএফের গবেষক তানজীম জামান, সাংবাদিক সমীরণ রায়, পিএসডিআই ফাউণ্ডেশনের পরিচালক ইসহাক ফারুকী ও বস্তিবাসী সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম রাফেজা।
