রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৪২ এএম

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর দুর্বৃত্তরা উপজেলার বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল ফোনে বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় আহত যুবদল নেতা আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড়িঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জেএইচ

Link copied!