সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৩:০০ পিএম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছিলেন তিনি।

তবে ভাগ্য সহায় হয়নি তার। তিনি বিএনপি থেকে মনোনয়ন পাননি।

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এলিজা জামানকে বেছে নিয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মনোনয়নপত্র কিনে ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছিলেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।’

মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বিএনপি প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখাও করেন। এসময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে তিনি চমকে দেন। যদিও মেঘনা আলম দাবি করেন, তিনি ইচ্ছে করে খালেদা জিয়া সাজেননি। নিজেকে মার্জিতভাবে হাজির করতে গিয়ে সেটা প্রয়াত প্রধানমন্ত্রীর মতো দেখাচ্ছে।

তবে মনোনয়ন না পাওয়া নিয়ে এখনো মুখ খুলেননি মেঘনা।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। আগামীকাল (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এম/আই

Link copied!