জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-কুষ্টিয়া ১১ দলীয় লংমার্চের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
জামায়াতের আমীর বলেন, নতুন আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশ গড়ব। এ দেশে কোনো ধরনের দখলদারত্ব, চাঁদাবাজি, অন্যায় ও জুলুম মেনে নেয়া হবে না।
এ সময় ঢাকা-খুলনা-কুষ্টিয়া ১১ দলীয় লংমার্চ সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
লংমার্চকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীদের দাবি, ভাঙ্গা পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি যানবাহনের বহর নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তারা।
এদিকে লংমার্চকে কেন্দ্র করে দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় সার্বিক নিরাপত্তাব্যবস্থা।
