খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
প্রতিবেশীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত বাড়িটিতে ছুটে যান। পরে সবাই মিলে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।
ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও মামলা করা হয়নি। তাদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
