শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬

ক্লপের প্রথম জয়, সার্বিয়াকে হারিয়ে জার্মানির স্বস্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ১২:০৩ পিএম

ক্লপের প্রথম জয়, সার্বিয়াকে হারিয়ে জার্মানির স্বস্তি

ইউরোপিয়ান ফুটবলে নতুন অধ্যায় শুরু করা ইয়ুর্গেন ক্লপ অবশেষে পেলেন জার্মানি জাতীয় দলের হয়ে প্রথম জয়। উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি।

মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পায় জার্মানি।

৪০তম মিনিটে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার টম বিশফ আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।
বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি ক্লপের দল।

৬১তম মিনিটে গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন লিভারপুলের ফরোয়ার্ড ফ্লোরিয়ান উইর্টজ।
ক্লপের অধীনে এটি জার্মানির প্রথম জয়।

এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করার পর গ্রিসের কাছে হেরেছিল তারা। ফলে সার্বিয়ার বিপক্ষে জয়টি জার্মানির জন্য যেমন স্বস্তির, তেমনি নতুন কোচের জন্যও গুরুত্বপূর্ণ শুরু।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর এটিই জার্মানির প্রথম জয়। জাতীয় দলের কোচ হিসেবে প্রথম জয়ের পর ক্লপও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জয়ের পর ক্লপ বলেন, ‘এটা আমার আর্কাইভে যুক্ত হচ্ছে। এটা দিয়ে আমি ভিডিও বানাব। আমরা এভাবেই খেলতে চাই।’

নেশনস লিগে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস, ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নেদারল্যান্ডস।

দৈনিক মুক্তবাণী

Link copied!