বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি চ্যাম্পিয়ন

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

মো. হাবীব আজম, ​রাঙামাটি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:৪৯ এএম

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি : মুক্তবাণী

​রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’-এ পুরুষ বিভাগে ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন। বিজয়ী দুজনই বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু।
​সোমবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে সাঁতার শুরু হয়ে রাঙামাটির বিএফডিসি ঘাটে এসে শেষ হয়।
​প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন (পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে) এবং স্বাগতিক রাঙামাটি জেলার ২ জনসহ মোট ২০ জন সাঁতারু অংশ নেন। এতে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
​প্রতিযোগিতার ফলাফল:
​পুরুষ বিভাগ (১০ কিমি): প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ।
​নারী বিভাগ (৮ কিমি): প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই সাঁতারু যথাক্রমে সোনিয়া আক্তার ও পলি খাতুন।
​প্রতিযোগিতা শেষে দুপুরে রাঙামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
​প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবনে সাঁতার একটি অপরিহার্য দক্ষতা। সাঁতারের প্রসারে সুইমিং ফেডারেশন নিয়মিত জাতীয় ও বয়সভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করছে। নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ইতিমধ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রমও শুরু হয়েছে।”
​রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান। এ সময় সুইমিং ফেডারেশন, নৌবাহিনী, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের সাঁতারু গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এর মাধ্যমে ভবিষ্যতে অলিম্পিকসহ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
 

জেএইচ

Link copied!