হেমন্তের শেষ সময়ে এসে বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিপাত আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমে ঠান্ডা অনুভূত হলেও এখনই শীতের স্থায়ী আগমনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এছাড়া সাতক্ষীরা, চাঁদপুর, খুলনা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার।
চলমান আবহাওয়ার বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে বলেন, ঘূর্ণিঝড় আকভান ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। পুরো প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্য এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে আসায় অনেকের মধ্যেই শীতের আগমন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা বাড়লেও একে শীতের স্থায়ী আগমন বলা যাবে না।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, চলমান বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে কয়েক দিন ঠান্ডার অনুভূতি বাড়বে। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা আবার বাড়তে পারে।
তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। এসময় উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আগে বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের প্রভাব বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে।
মানচিত্র দেখুন
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের ভাষ্য, বৃষ্টির ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়, তবে শুধু বৃষ্টির কারণেই শীত নামে না। নভেম্বরের শেষ দিকে দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময় কমে আসায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ে।
