বাংলাদেশ-জাপান যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেডসিআই) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজুকি কাতাওকা এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন রবিউল আলম।
রোববার রাজধানীর হোটেল লেকশোরে অনুষ্ঠিত সংগঠনটির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় চেম্বারের সাধারণ ও পর্ষদ সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেডসিআইয়ের নির্বাহী পরিচালক তাহেরা আহসান।
অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ জেড এম আজিজুর রহমান ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু জামান মো. তারিকুল ইসলাম এবং সহ-সভাপতি-২ সৈয়দ সামিউল হক। কোষাধ্যক্ষ হয়েছেন কেনজি কিমুরা।
যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন অলিভার কুৎস এবং যুগ্ম কোষাধ্যক্ষ সৌমিত্র কুমার মুৎসুদ্দী।
পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রাফি ভূঁইয়া (জুন), হিরোয়াকি ওউরা, কবির আহমেদ, আতসুশি হিরাকুরি, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, কেনিচিরো কাওয়ামোতো, ফারজানা চৌধুরী, হিরোনরি ইয়ামানাকা ও মুদাসসির মুর্তজা মইন। এছাড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মানাবু সুগাওয়ারা ও আব্দুল হক।
এজিএমে দেওয়া বক্তব্যে বিদায়ী সভাপতি তারেক রাফি ভূঁইয়া (জুন) বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আস্থার সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগসহ অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে জেডসিআইয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন বিদায়ী সভাপতি। একইসঙ্গে চুক্তিটির দ্রুত অনুসমর্থন এবং কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।
দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় জাপান দূতাবাস, জেট্রো, জাইকা, জেসিয়াডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং চেম্বারের পরিচালনা পর্ষদ ও সচিবালয়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রাফি ভূঁইয়া।
নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও জাপানের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন মাত্রা পাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
