বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস-হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০১:৪৪ পিএম

ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস-হাসান

নব্বইয়ের দশকের বাংলাদেশি রক সংগীতের স্মৃতি ও প্রতিষ্ঠিত শিল্পীরা ফের এক মঞ্চে হাজির হতে যাচ্ছেন। দীর্ঘদিন পর ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শিরোনামের কনসার্টে একসঙ্গে গাইবেন দেশের ব্যান্ড সংগীতের দুই জনপ্রিয় মুখ নগর বাউলের জেমস ও আর্কের হাসান।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত হতে যাচ্ছে এই কনসার্ট। 

আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্টর কমিউনিকেশন’ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে। 

পাশাপাশি, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন বলে জানা গেছে। সঙ্গে একক পরিবেশনাতেও থাকবেন তিনি। একে রাহুলও ওই কনসার্টে পারফর্ম করবেন বলে জানা গেছে। 

ইতোমধ্যে কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছে আয়োজকরা। সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের দাম ধরা হয়েছে ৯৯৯ টাকা।

এম/আর

Link copied!