বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

থালাপতির সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৫৯ পিএম

থালাপতির সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ ঘিরে আলোচনা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তিন মুখ— বিজয় দেবেরাকোন্ডা, থালাপতি বিজয় ও অভিনেত্রী রাশমিকা মান্দানা একফ্রেমে বন্দি। এই ত্রয়ী জনপ্রিয় মুখকে একসঙ্গে একফ্রেমে বন্দি হতে দেখে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তাদের ভক্ত-অনুরাগীদের মনে তৈরি হয়েছে এক প্রবল কৌতূহল। রুপালি পর্দার তারকাখ্যাতি আর রাজনৈতিক ব্যক্তিত্বের মেলবন্ধনে এ দক্ষিণী এ তিন তারকা ঠিক কোন উদ্দেশ্যে একত্রিত হলেন?

শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক রাহুল সাংকৃত্যায়নের বহুল প্রতীক্ষিত ‘রণবাগী’ সিনেমাটি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত এ সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। 

এ সিনেমায় সিঙ্গারামালা ববিলি ‘রণবাগী’ চরিত্রে বিজয় দেবেরাকোন্ডা এবং তার স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। তাই ‘রণবাগী’ মুক্তির আগেই মেগাস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। মূলত আসন্ন সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এ বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। 

সিনেমা মুক্তি দোরগোড়ায় থাকায় তারকাদের এ বিশেষ সাক্ষাৎ বিনোদন মহলে দারুণ সাড়া ফেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে এ সাক্ষাতের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন বিজয় ও রাশমিকা। 

সামাজিক মাধ্যমে একটি পোস্টে রাশমিকা লিখেছেন— দীর্ঘদিন ধরে যার অন্ধ ভক্ত তিনি, যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং যিনি আজ একজন সফল মুখ্যমন্ত্রী— তার এই পথচলা অত্যন্ত অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী। 

অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা লিখেছেন— ব্যস্ত দিনশেষেও থালাপতি বিজয় যেভাবে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জীবন ও কাজের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন, তাতে এক সাক্ষাতেই তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন।

এম/আর

Link copied!