সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০১:২৫ পিএম

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি ও নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সাত দিনের মধ্যে পরীমনিকে শোকজ নোটিশ দেওয়াসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী।

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি নিয়মিত বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড করে সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি বাংলাদেশের সমাজ, সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু পরীমনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্র শিল্পী, সেই হিসাবে সংযত ও দায়িত্বশীল আচরণ তার কাছে সবাই প্রত্যাশা করে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে।

এম/আর

Link copied!