বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের লেখার জাদুতে মুগ্ধ পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই কথাসাহিত্যিকের একটি বই পড়ে নিজের ভালোলাগা ও অনুভূতির কথা সোজা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি হুমায়ূন আহমেদের জনপ্রিয় বই ‘নলিনী বাবু বিএসসি’ পড়া শেষ করেছেন অনুপম। আর বইটি শেষ করেই সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তার সাহিত্যশৈলীর প্রশংসায় মেতে ওঠেন এই গায়ক।
রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুপম রায় লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম নলিনী বাবু বিএসসি। আরও একটা আশ্চর্য গল্প!’
হুমায়ূনের লেখার সঙ্গে নিজের আত্মিক সংযোগের কথা জানিয়ে অনুপম আরও যোগ করেন, ‘তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি। পৃথিবীটাকে দেখার তার দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে।
গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।’
বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় স্রষ্টা হুমায়ূন আহমেদ শুধু কলম ধরেই ক্ষান্ত হননি; লেখালেখির পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখে গেছেন অনন্য স্বাক্ষর।
তিন শতাধিক প্রকাশিত বইয়ের এই লেখকের গল্পে ছোটপর্দায় তৈরি হয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’-এর মতো আইকনিক সব নাটক। আর বড়পর্দায় উপহার দিয়েছেন ‘আগুনের পরশমনি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’-র মতো মাস্টারপিস সিনেমা।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করা এই কিংবদন্তি ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। কিন্তু আজও প্রজন্মের পর প্রজন্ম তার লেখায় বুঁদ হয়ে রয়েছে।
