বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন, অভিনেতা অভিষেক বচ্চন, ভাইজান সালমান খান, সাইফ আলি খানসহ মায়ানগরীর একাধিক তারকার ওপর হামলা হতে পারে! ইতোমধ্যে বলিউডের বহু তারকা বিষ্ণোই গ্যাং, খলিস্তানিপন্থি জঙ্গিগোষ্ঠী থেকে বেনামি হুমকি পেয়েছেন তারা। গ্রেনেড হামলায় কারও বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে তো কাউকে বা কোটি কোটি টাকা তোলা চেয়ে খুনের হুমকি ছোড়া হয়েছে।
এমনকি যেসব বলিউড তারকা ‘টার্গেটে’, তাদের বাড়ি রেকিও করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এমতাবস্থায় বলিউডের বহু তারকাকে সতর্ক করে বিধিনিষেধ জারি করেছিল মুম্বাই পুলিশ। এবার ‘মুম্বাইকে গ্যাংস্টার মুক্ত’ করার দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের দ্বারস্থ হয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)।
সিনেতারকাদের নিরাপত্তা জোরদার করার দাবিতে শুক্রবার সংশ্লিষ্ট সর্বভারতীয় সিনে সংগঠনের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বিনোদন জগতে এহেন হুমকি অব্যাহত থাকলে তার প্রভাব কেবল তারকাদের নিরাপত্তার ওপরই পড়বে না; বরং সিনেশিল্পের ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবন-জীবিকার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে।
ওই চিঠির একটি অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতির কাছেও পাঠানো হয়েছে। এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার পাঠানো ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কোনো কোনো জঙ্গিগোষ্ঠীর তরফে মুম্বাইয়ে ২০০ লোক প্রস্তুত রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। চিঠিতে মোট পাঁচটি দাবি তোলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, `লাখ লাখ কর্মী, টেকনিশিয়ান, শিল্পী ও সেটকর্মীদের জীবিকা এখন ঝুঁকির মুখে। পরিস্থিতি যদি এমন চলতে থাকে, তবে বলিউডে তালা পড়ে যাবে। শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কর্মীরা কাজ হারাবেন এবং প্রযোজকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই সাইফ আলি খান, অমিতাভ-অভিষেক বচ্চন এবং তাদের পরিবারের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন।
মুম্বাইয়ের সব সিনেব্যক্তিত্বকে সুরক্ষা প্রদান করুন। এবং শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হোক। এ ছাড়া গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। পাশাপাশি সিনেসংগঠনের ওই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে, বলিউডের ব্যক্তিত্বদের মুম্বাইয়ের রাস্তায় অবাধে চলাফেরা করার সুযোগ থাকতে হবে। তারা যেন কোনো ভয় ছাড়াই শুটিং ও কাজ চালিয়ে যেতে পারে, এমন পরিবেশ তৈরি করতে হবে।`
