সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে ‘জিটিএ ৬’ শেষ করলেন আইশোস্পিড, এরপর যা ঘটল...

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:৪৪ পিএম

টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে ‘জিটিএ ৬’ শেষ করলেন আইশোস্পিড, এরপর যা ঘটল...

জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমিং তারকা ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র—যিনি ‘আইশোস্পিড’ নামেই বেশি পরিচিত—বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স) গেমটি টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে খেলে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। 

এই দীর্ঘ গেমিং ম্যারাথনে তিনি গেমটির মূল গল্পের পুরোটা (স্টোরি মোড) শেষ করেন। গেমিং অনুরাগীদের মাঝে বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গেমটি উন্মুক্ত হওয়ার তিন ঘণ্টা আগে, ১৮ নভেম্বর রাত ৯টায় ইউটিউব ও টুইচে ‘জিটিএ সিক্স’ স্ট্রিম করা শুরু করেন আইশোস্পিড। 

শুরুতে এটি সাধারণ স্ট্রিমিং সেশন হিসেবে শুরু হলেও ধীরে ধীরে দীর্ঘ ম্যারাথনে রূপ নেয়। টানা ৪০ ঘণ্টা খেলার পর দেখা যায়, তিনি গেমটির মূল গল্পের প্রায় ৮১–৮২ শতাংশ সম্পন্ন করেছেন। তার ইন-গেম প্রোগ্রেস স্ক্রিনে ‘ডার্টি ওয়ার্ক’ (Dirty Work) মিশন দেখা যায় এবং তিনি দর্শকদের জানান যে গেমটি শেষ করতে তার আরও প্রায় ১২ ঘণ্টা লাগতে পারে। 

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে গেমটি এত দ্রুত শেষ করার পরিকল্পনা তার ছিল না। ১৬ নভেম্বরের একটি লাইভস্ট্রিমে তিনি একটানা ম্যারাথন না করে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা করে খেলার কথা বলেছিলেন। কিন্তু গেমের কাহিনি তাকে এতটাই আটকে রাখে যে দর্শকদের বিরতি নেওয়ার অনুরোধ সত্ত্বেও তিনি খেলা চালিয়ে যান।

শেষ পর্যন্ত ‘জিটিএ ৬’-এর মূল গল্প শেষ করতে তিনি সময় নেন ৫২ ঘণ্টা ৩১ মিনিট ১১ সেকেন্ড। সবমিলিয়ে তিনি লাইভে ছিলেন মোট ৫৩ ঘণ্টা ৪০ মিনিট। 

২০ নভেম্বর গেমটি শেষ করার পর আইশোস্পিড জানান, পুরো সময় একবারও ঘুমাননি তিনি। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। গেমের শেষ অংশে নেওয়া একটি সিদ্ধান্ত বদলাতে আগের সেভ করা ফাইলে ফিরতে চেয়েছিলেন তিনি। ভুল অপশনে ক্লিক করে প্রায় ৯৮ শতাংশ অগ্রগতির একটি সেভ ফাইল ওভাররাইট বা মুছে ফেলেন।

এম/আর

Link copied!