নেটফ্লিক্সে প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি সিরিজ। ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নামের এই সিরিজ আগামী ৪ ডিসেম্বর থেকে দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটিতে। এতে একসঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকারা। রয়েছেন ফওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদ, অহদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসী।
ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরেইদ। প্রেম, সম্পর্কের জটিলতা, পারিবারিক সংঘাত এবং মানসিক ক্ষত কাটিয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে এতে।
সিরিজের গল্পের কেন্দ্রে রয়েছেন হার্ভার্ডের আইনের শিক্ষার্থী সিকন্দর শেখরিয়া। মানসিক আঘাতের সঙ্গে লড়াই করছেন তিনি। অন্যদিকে, লিজা একজন প্রতিভাবান শিল্পী। তাঁর অতীতও নানা জটিলতায় ঘেরা। ইতালির মনোরম পরিবেশে দুজনের দেখা হয়। এরপর তাদের জীবনে শুরু হয় প্রেম, বিচ্ছেদ, পারিবারিক সংঘাত ও নানা আবেগঘন ঘটনা।
সিরিজটির প্রথম ঝলকের পোস্টার প্রকাশ করেছে নেটফ্লিক্স। সেখানে লেখা হয়েছে, ‘তিন প্রজন্ম, ছয়টি প্রেমের গল্প এবং একটি প্রশ্ন—আমাদের হৃদয়ে জমা থাকা ভালোবাসা কি যথেষ্ট?’ সিরিজটির ট্যাগলাইন ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।
এর আগে জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘জিন্দেগি গুলজার হ্যায়’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন ফওয়াদ খান ও সনম সঈদ। পরে ‘বরজখ’ সিরিজেও দেখা গেছে এই জুটিকে। অন্যদিকে, ‘হামসফর’ ধারাবাহিকে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পান ফওয়াদ ও মাহিরা। ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ছবিটি পাকিস্তানের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র হিসেবে পরিচিত।
বলিউডেও কাজ করেছেন ফওয়াদ খান। ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করে ভারতীয় দর্শকদের নজর কাড়েন মাহিরা খান। ফলে দুই দেশের দর্শকদের কাছেই পরিচিত মুখ ফওয়াদ ও মাহিরা।
তবে পাকিস্তানি এই সিরিজ ভারতে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত করেনি নেটফ্লিক্স। এর পেছনে রয়েছে ভারত সরকারের একটি নির্দেশনা। ২০২৫ সালের মে মাসে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী সব ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং পরিষেবা ও মধ্যস্থতাকারী সংস্থাকে পাকিস্তানে নির্মিত ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ অন্যান্য স্ট্রিমিং কনটেন্ট সম্প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল।
এর আগে ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই প্রেক্ষাপটেই ওই নির্দেশনা জারি করা হয়। ফলে নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পেলেও ভারতের দর্শকেরা এটি দেখতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
