বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

অভিনেতা মামুনুর রশীদ হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:০৯ পিএম

অভিনেতা মামুনুর রশীদ হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন

বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি একুশে পদকপ্রাপ্ত গুণী নাট্যকার ও নির্দেশক।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। বুধবার তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

তার ছোটবোন গণমাধ্যমকে জানান, মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন। তিনি তিন দিন ধরে হাসপাতালে আছেন।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল মামুনুর রশীদকে। গেল বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এ বিষয়ে আরণ্যক নাট্যদলের সদস্য ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘মামুনুর রশীদ ভাইকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

তিনি ১৯৭২ সালের ২১ ফেব্রয়ারি প্রথম নির্দেশনা দেন শহীদ মুনীর চৌধুরীর কবর নাটক। তিনি আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা। ‘জয়জয়ন্তী’, ‘ইবলিশ’, ‘লেবেদেফ’, ‘ময়ূর সিংহাসন’, ‘পশ্চিমের সিঁড়ি’, ‘ওরা কদম আলী’, ‘রাঢাড়’, ‘সংক্রান্তি’সহ বহু নাটক লিখেছেন তিনি।

তার লেখা নাটক বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। ‘মানুষ’ নাটকটি জার্মানিসহ অনেক দেশে মঞ্চায়ন হয়েছে। সবশেষ ‘অমানুষ’ নাটক মঞ্চায়ন হয়েছে আমেরিকায়। এতে অভিনয় করেছেন তমালিকা কর্মকার।

এছাড়া টেলিভিশনের জন্য অসংখ্য নাটক লিখেছেন তিনি। ‘ইতিকথা’ তার লেখা বিটিভির সাড়া জাগানো একটি ধারাবাহিক। ‘সুন্দরী’, ‘দানব’, ‘শিল্পী’—এই তিনটি তার জনপ্রিয় ধারাবাহিক।

চলতি বছর তার লেখা ‘ওরা কদম আলী’ নাটক মঞ্চায়নের ৫০ বছর পূর্তি হবে।

এম/আর

Link copied!