বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আইসিইউতে থাকা মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:১৫ পিএম

আইসিইউতে থাকা মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চার দিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে পরিবারের সদস্যরা জানতে পারেন, তার অবস্থা সংকটাপন্ন। এরপর পারিবারিকভাবে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। অভিনেতার ছোট ভাই রশিদ আমিন হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান।

দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র— তিন বিভাগেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন অভিনেতা মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’। ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন এ অভিনেতা। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন নাট্যনির্মাতা মামুনুর রশীদ। শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এরপর আবার অভিনয়েও ফেরেন। এ অভিনেতাকে এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। এ সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মামুনুর রশীদ।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মামুনুর রশীদ।

এম/আর

Link copied!