শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

মৌসুমি ফ্লুও যেভাবে হয়ে উঠতে পারে বড় বিপদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০১:২৪ পিএম

মৌসুমি ফ্লুও যেভাবে হয়ে উঠতে পারে বড় বিপদ

মৌসুম পরিবর্তনের সময়ে, বিশেষ করে শীতের শুরু বা শেষে হুট করেই যে কারও গা ম্যাজম্যাজ করে জ্বর চলে আসতে পারে। সঙ্গে থাকতে পারে সর্দি, হাঁচি, কাশি, গলাব্যথা, মাথাব্যথা ইত্যাদি। প্রায় সব পরিবারেই এটা একটা পরিচিত অসুখ হয়ে উঠেছে। এই মৌসুমি ফ্লুর আক্রমণে রীতিমতো অভ্যস্ত হয়ে গেছি আমরা। আর অনেকেই জানেন এর পেছনে যে ভাইরাসটি থাকে, তার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

কথায় বলে চিকিৎসা করলে ফ্লু সারে সাত দিনে, না করলে এক সপ্তাহে। এমনটা বলা হয় কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হলে পাঁচ থেকে সাত দিন জ্বর, সর্দি–কাশিতে ভুগে বেশির ভাগ রোগী আপনা–আপনিই সুস্থ হয়ে যান। তাই সময় সময় ফ্লু আমাদের ভোগান্তির কারণ হলেও একে নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

তবে ফ্লু ভাইরাসের প্রাণসংহারী ভূমিকা নেই—এ কথা বলা যাবে না। শুনে অবাক হবেন, বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় আড়াই লাখ থেকে সাড়ে ছয় লাখ রোগী ফ্লু ভাইরাসজনিত জটিলতায় প্রাণ হারান। মানে ফ্লু ভাইরাস এমনিতে এলেবেলে হলেও জটিল আকার ধারণ করলে মৃত্যুর কারণও হতে পারে।

কীভাবে ফ্লু থেকে মারাত্মক সব জটিলতা হয়

যখন ফ্লুর সঙ্গে অন্য কোনো সংক্রমণ দেখা দেয়, তখন জটিল আকার ধারণ করতে পারে। ফ্লু নিজে রোগ প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে, বিশেষ করে ফুসফুসের প্রতিরোধকে নাজুক পরিস্থিতিতে ফেলে দেয়।

সেই সঙ্গে রোগীর নিজের যদি এমন কোনো সমস্যা থাকে, যা তার রোগ প্রতিরোধক্ষমতাকে আগে থেকেই দুর্বল করে রেখেছে, তাহলে এই সামান্য ফ্লু থেকেই হতে পারে জটিল সংক্রমণ। হতে পারে নিউমোনিয়া। ভাইরাল নিউমোনিয়ার পাশাপাশি ফুসফুসের প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার জন্য বাইরে থেকে অন্য কোন ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে ফুসফুসে।

সঠিক সময়ে চিকিৎসা না করতে পারলে আক্রান্ত রোগীর রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে সেপসিসের মতো প্রাণ সংহারক জটিলতা তৈরি হতে পারে। এমনকি মস্তিষ্কেও ছড়াতে পারে সংক্রমণ, হতে পারে এনকেফালাইটিস, হার্টের প্রদাহ (মায়োকার্ডাইটিস) ইত্যাদি।

যাদের আগে থেকেই ফুসফুসের নানা রোগ যেমন হাঁপানি বা সিওপিডি ইত্যাদি আছে, তাদের ফ্লু থেকে শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি হওয়াও অসম্ভব নয়। রেসপিরেটরি ফেইলিউর হয়ে আইসিইউ অবধি যেতে হতে পারে। অতএব ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে অতটা অবহেলা করা উচিত নয়।

দৈনিক মুক্তবাণী

Link copied!