রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

গুলিতে দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব ইসলামাবাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৮:৫৯ পিএম

গুলিতে দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব ইসলামাবাদের

আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব করেছে পাক সরকার। শুক্রবার বেডিয়ান সেক্টরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আরও একজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এনিয়ে শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ‘তীব্র প্রতিবাদ’ জানানো হয়েছে।
পাক মন্ত্রণালয় অভিযোগ করেছে, ‘নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর বিনা উসকানিতে প্রাণঘাতী শক্তি প্রয়োগ’ করেছে বিএসএফ। তাদের ভাষায়, এ ধরনের শক্তি প্রয়োগ ছিল ‘সম্পূর্ণ অন্যায্য ও চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ’, যার ফলে দুই ব্যক্তির প্রাণহানি ঘটেছে।
এ ঘটনায় ভারতের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সীমান্তে অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করার সময় এ ঘটনা ঘটেছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে বর্ণনা করার যেকোনো প্রচেষ্টা ‘সুস্পষ্টভাবে’ প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ঘটনাটির তাৎক্ষণিক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি তদন্তের ফলাফল এবং গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে জানানোরও দাবি করেছে দেশটি।

এম/আই

Link copied!