মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

গ্রেপ্তার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০১:৪১ পিএম

গ্রেপ্তার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতারা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন দলটির সহআহ্বায়ক সৌরভ দাস। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সৌরভ দাবি করেন, তাকে, আশুতোষ রাঙ্কা ও অভিজিৎ দিপকেকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে কেন্দ্র।
তবে সরকারের পক্ষ থেকে এমন কোনো পরিকল্পনার কথা নিশ্চিত করা হয়নি।

সৌরভ বলেন, ‘গ্রেপ্তার বা জেলে গেলেও আন্দোলন থামবে না। তরুণ ও সাধারণ মানুষকে নিজেদের অধিকার ও ভবিষ্যতের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর দেশজুড়ে বড় জমায়েতের ডাক দিয়েছেন।’

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন এরই মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়েছে। রোববার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ করেন দলের নেতারা। সেখানে বাম নেত্রী বৃন্দা কারাত ও ঐশী ঘোষও যোগ দেন। এদিকে শনিবারের বিক্ষোভে তিন নারী সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য বিষয়টি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে।

মুম্বাইয়েও জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। তারা সংবিধান রক্ষার দাবিতে কর্মসূচি পালন করেন। এসআইআর নিয়ে বিতর্কের জেরেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়, অন্য কমিশনারদের আপত্তি সত্ত্বেও তিনি নিজের সিদ্ধান্তে এসআইআর কার্যকর করেছিলেন।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তিন কমিশনারের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ১০ অক্টোবরের কর্মসূচি ঘিরে পরিস্থিতি কী দাঁড়ায় এবং সৌরভ দাসের গ্রেপ্তারের আশঙ্কা সত্যি হয় কি না, সেদিকেই নজর রয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!