শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার মার্কিন কংগ্রেস প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০১:২৯ পিএম

প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার মার্কিন কংগ্রেস প্রার্থী

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার দাবি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস প্রার্থী বার্নাডেট গ্রিন-প্লাসেনশিয়া। গত আগস্টে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তিনি। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর মারিকোপা কাউন্টি শেরিফের কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।-তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও এবিসি নিউজ।

গত ১৪ আগস্ট রাত ২টার দিকে অ্যারিজোনার সান সিটির একটি পার্কিং এলাকায় ক্ষতিগ্রস্ত নির্বাচনী পোস্টার ঠিক করতে গিয়েছিলেন গ্রিন-প্লাসেনশিয়া। পোস্টারের কাছে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে মাথায় আঘাত করে অচেতন করে দেয়। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে যৌন নিপীড়নের শিকার অবস্থায় দেখতে পান।

পরে আরেক ব্যক্তি সেখানে আসে এবং তার ওপর হামলায় অংশ নেয়। তিনি প্রতিরোধের চেষ্টা করেন এবং পা দিয়ে আঘাত করেন। এরপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যায় বলে তিনি জানান। হামলার পর তিনি শারীরিকভাবে আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার পর গ্রিন-প্লাসেনশিয়ার স্মৃতিতে বড় ধরনের অস্পষ্টতা তৈরি হয় বলেও তিনি জানিয়েছেন। তার ভাষ্য, ঘটনার পরের সময়ের অনেক কিছুই তার মনে নেই এবং কিছু বিচ্ছিন্ন স্মৃতিই কেবল মনে করতে পারেন। তিনি ধারণা করছেন, হামলার সময় মাথায় আঘাতের কারণে তার মস্তিষ্কে আঘাত বা কনকাশন হয়ে থাকতে পারে।

প্রথম দিকে তিনি ঘটনাটি পুলিশকে জানাতে চাননি। তার ভাষ্য, তিনি বিষয়টি ভুলে যেতে চেয়েছিলেন এবং এ নিয়ে বিব্রত বোধ করছিলেন। তবে পরে প্রচারণার সময় অ্যারিজোনার মানুষের অধিকার ও যৌন সহিংসতার শিকার নারীদের পক্ষে কথা বলার অঙ্গীকারের কথা বিবেচনা করে তিনি প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নেন।

গ্রিন-প্লাসেনশিয়া জানান, ঘটনার কয়েক দিন পর তিনি তার স্বামী ও নির্বাচনী প্রচারণার সহকর্মীদের বিষয়টি জানান। এরপর ৩১ আগস্ট মারিকোপা কাউন্টি শেরিফের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন। শেরিফের কার্যালয় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তদন্ত চলমান থাকায় তারা ঘটনার বিস্তারিত নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

গ্রিন-প্লাসেনশিয়ার প্রচারণা দলের একজন মুখপাত্র বলেছেন, প্রকাশ্যে নিজের অভিজ্ঞতার কথা বলা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে তিনি আশা করছেন, তার বক্তব্য যৌন সহিংসতার শিকার অন্য নারীদেরও কথা বলতে উৎসাহিত করবে এবং তারা যেন নিজেদের একা মনে না করেন।

ঘটনাটি নিয়ে তদন্ত এখনো চলছে। পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষ হামলাকারীদের শনাক্ত করেছে বা কাউকে গ্রেপ্তার করেছে—এমন তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। গ্রিন-প্লাসেনশিয়া অ্যারিজোনার অষ্টম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রিপাবলিকান কংগ্রেস সদস্য আব্রাহাম হামাদেহ।

ঘটনাটি প্রকাশ্যে আনার বিষয়ে গ্রিন-প্লাসেনশিয়া বলেছেন, যৌন সহিংসতার শিকার নারীদের জানানো প্রয়োজন যে এ ধরনের অভিজ্ঞতা নিয়ে কথা বলা সম্ভব এবং তাদের পাশে মানুষ রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিস্তারিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

দৈনিক মুক্তবাণী

Link copied!