কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরান হারিয়ে ফেলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
গ্রিস সফরকালে গতকাল বুধবার (৭ অক্টোবর) তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর এএফপির।
মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরান ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ এবং ‘তেহরানের অর্থনীতি দ্রুতগতিতে ধসে পড়ছে’।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হরমুজ প্রণালী এখন উন্মুক্ত। এই সংঘাত শুরুর আগে যতটা তেল এখান দিয়ে প্রবাহিত হতো, এখনও প্রায় ততটাই হচ্ছে। সুতরাং, প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি শেষ হয়ে গেছে।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রিটিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রুবিও জোর দিয়ে বলেন, ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। বিষয়টি অত্যন্ত সহজ ও স্পষ্ট।
তিনি আরও বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর একাধিক সুযোগ ইরান কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল এবং দেশটি ‘কঠোর নিষেধাজ্ঞার’ মুখে পড়েছে।
রুবিওর যুক্তি, কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছে, যা খুব কম দেশের ক্ষেত্রেই হয়েছে।
তিনি বলেন, কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতারা যে অর্থ বা ডলার পান, তার পুরোটাই হিজবুল্লাহ ও হামাসের পেছনে ব্যয় করা হয়।
রুবিও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—বিষয়টি সহজ, চূড়ান্ত এবং এখানেই আলোচনার ইতি।
তিনি বলেন, গ্রহণযোগ্য কোনো সমঝোতায় পৌঁছাতে হলে ইরানকে এমন কিছু নিশ্চিত করতে হবে, যাতে প্রমাণিত হয় যে তাদের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র আসবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর যুক্তি, ইরান মূলত এমন বিশাল এক প্রথাগত সামরিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছিল, যার ফলে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যেত।
