রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিক্ষোভে আটক আইনজীবীদের মুক্তির নির্দেশ ভারতের প্রধান বিচারপতির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৬:৩৩ পিএম

বিক্ষোভে আটক আইনজীবীদের মুক্তির নির্দেশ ভারতের প্রধান বিচারপতির

ভারতের সুপ্রিম কোর্টের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়া আইনজীবীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্ত।

 

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে কয়েকজন আইনজীবীকে আটকের বিষয়টি জানায়।

 

চিঠিতে বলা হয়, আটক আইনজীবীদের দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এসসিবিএর ওই চিঠি পাওয়ার পর প্রধান বিচারপতি সূর্য কান্ত আইনজীবীদের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

ভারতে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আইনজীবীরা। এ সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

 

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে দিল্লিজুড়ে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

 

আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা।

 

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু

এম/আই

Link copied!